Sylhet Today 24 PRINT

আড়াই বছর পর হবিগঞ্জের মেয়রের আসনে জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ৩০ এপ্রিল, ২০১৭

প্রায় আড়াই বছর পর আবারো হবিগঞ্জ পৌরসভার মেয়রের আসনে বসেছেন আলহাজ্ব জি কে গউছ। ২০১৪ সালের ১০ নভেম্বরের পর এই প্রথম জি কে গউছ মেয়রের কক্ষে তার আসনে বসলেন।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় পৌরভবনে এসে পৌছুলে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পৌরসভার মেয়রের কক্ষে খতমে কোরআন ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর মেয়র হবিগঞ্জ পৌরসভায় কর্মরত বিভিন্ন পদে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠকে বসেন। তিনি হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন এবং পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান।

মেয়র আলহাজ্ব জি কে গউছ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে ৩য় বারের মতো নির্বাচিত হন। সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ৭শ ৩৯ দিন কারাবাসের পর চলতি বছরের ৪ জানুয়ারী সিলেট কারাগার থেকে উচ্চ আদালতের রায়ে জামিনে মুক্তি পান গউছ। ২৩ মার্চ তিনি হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বে ফেরার ১১ দিনের মাথায় গত ২ এপ্রিল মন্ত্রণালয় আবারো মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে। সিলেট ও রাজশাহীর মেয়রসহ দেশের ৩ জন মেয়রকে এভাবে বরখাস্ত করায় ব্যাপারটি 'টক অব দ্য কান্ট্রি'তে পরিনত হয়। পরে ওই বরখাস্তের দু'দিনের মাথায় তিনি আবারো মেয়র পদ ফিরে পান। গত ১২ এপ্রিল তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেন। ওমরাহ পালন শেষে দেশে ফিরে আজ মেয়র হিসাবে পৌরসভায় যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.