Sylhet Today 24 PRINT

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড খাদিমনগর ইউনিয়নের অধিকাংশ এলাকা

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০১৭

রোববার (৩০ এপ্রিল) রাতের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের অধিকাংশ এলাকা। ঘূর্ণিঝড়ে ৩ নং ওয়ার্ডের বাউয়ার কান্দি, শিমুল কান্দি, বরইকান্দি, বাইশটিলা, পীরের গাঁও, মধুটিলা, পুকুরিয়া কান্দি, সাহেবের বাজার, দেবাইর বহর, ফতেগড়, ফরিংউরা, বাজারতল, ছালির মহল, পাঠান গাঁও, বড়বন, ঘোড়ামারা, কান্দিরপথ, মুড়ারগুলে সহস্রাধিক ছোট-বড় গাছ ভেঙে পড়েছে। খাদিমনগর ইউনিয়নের গোটা সাহেব বাজারে পল্লী বিদ্যুৎ আওতাভুক্ত ও ৩নং ওয়ার্ডে পিডিবির আওতাভুক্ত গ্রামে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে দেখা যায়, ইউনিয়নের অধিকাংশ এলাকায় ছোট-বড় সহস্রাধিক গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছে। কোন কোন এলাকায় এখনও রাস্তার মাঝে অনেক গাছ পড়ে আছে। ঘূর্ণিঝড়ে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে বাউয়ার কান্দির রজব আলী, মাসুক মিয়া, শমশের আলী, আঃ আহাদ, শিমুল কান্দির আব্দুল রাজ্জাক, আনা মিয়া, সমসু মিয়া, আঃ রহিম, সানুমিয়া ও ফুলছান বিবির বাড়ি। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

৩নং ওয়ার্ডের বাউয়ার কান্দির বাসিন্দা শমশের আলী বলেন, ঝড়ের কারণে এই এলাকায় আমার বাড়িসহ অনেক মানুষের ঘর-বাড়ি উড়ে গেছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। কিভাবে বাড়ি নতুন করে তৈরি করব ভেবে পাচ্ছি না।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী জানান, তার ওয়ার্ডে কম-বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে আলীনগর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এখনও প্রত্যন্ত এলাকা থেকে নতুন করে আরো তথ্য আমার কাছে আসছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য উপজেলা প্রশাসনকে জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.