নিজস্ব প্রতিবেদক | ০২ মে, ২০১৭
মহান মে দিবসের দিনে সোমবার নগরীর কোর্ট পয়েন্টে পরিবহন শ্রমিকদের মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিক্সা শ্রমিকরা। এছাড়া হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কোর্ট পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সদস্য ইমাম উদ্দিন জানান, মহান মে দিবসে বির্তকিত শ্রমিক নেতা জাকারিয়ার নেতৃত্বে একটি মিছিল কোর্ট পয়েন্টে এসে অটো চালকদের উপর হামলা ও গাড়ি ভাংচুর করে। এর প্রতিবাদে আজ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বলেও জানান তিনি।