ওসমানীনগর প্রতিনিধি | ০২ মে, ২০১৭
সিলেটের ওসমানীনগরে অস্ত্র ও সন্ত্রাস দমন মামলার পলাতক আসামী ছাত্র শিবির নেতা মিজানুর রহমান(২৮) কে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
সোমবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার তাজপুর কদমতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার তাজপুর ইউপির দুরাজপুর গ্রামের রইছ উল্লার ছেলে ও তাজপুর ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। ওসমানীনগর থানায় ২০১৩ সালে অস্ত্র আইনে (মামলা নং-১০), বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৯) এবং সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সালে (মামলা নং-৫) গ্রেপ্তারকৃত মিজানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে একই রাতে উপজেলার দয়ামীর বাজারে পুলিশ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক আসামি দয়ামীর ইউপির দয়ামীর গ্রামের খছরু মিয়ার ছেলে আনোয়ার মিয়া ও সংঘর্ষের ঘটনায় উসমানপুর ইউপির লামাপাড়া গ্রামের মসলিম মিয়ার ছেলে মনসুর মিয়া (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (২ মে) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী শিবির নেতা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় পরোয়ানাভুক্ত থাকায় মিজানুরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।