Sylhet Today 24 PRINT

টাকা ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে সিলেটে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৭

ব্যাংক এশিয়ার সিলেট উপশহর শাখা ও প্রধান কার্যালয়ের সাবেক-বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকা ও ৫০ কোটি টাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দুটি দায়ের করা হয়। মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মামলা দুটি আমলে নিয়েছেন।

যুক্তরাজ্য প্রবাসী ও বর্তমানে সিলেট নগরীর দর্জিবন্দ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনসুর আহমদ কামালী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।

বাদীর আইনজীবী রফিক আহমদ জানান, ব্যাংক এশিয়া কর্তৃপক্ষকে ঋণ পরিশোধের নিমিত্তে বিগত ২০১৩ সালের ৫ জুন ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির মাধ্যমে বাদী ৭ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার ৭৯ টাকা চেকের মাধ্যমে প্রদান করেন। কিন্তু আসামিরা পরস্পর যোগসাজসে তা আত্মসাৎ করেছেন। তাছাড়া বাদীর টিলাগড়স্থ ১২ তলা টাওয়ারে ও দর্জিবন্দের ৫ তলা আবাসিক ভবনের জমি আত্মসাতের জন্য সিলেট সদর সাবরেজিষ্টার অফিসে ১২১৪৬/১০ইং ও ১২১৪৭/১০ ইং নং দলিলগুলো আসামিরা জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করেছেন এবং বাদীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মওদুদ আহমদ কামালীকে ঋণের ভূয়া গ্রান্টার সাজিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, দুই মামলায় ব্যাংক এশিয়ার সাবেক ম্যানেজার মনির হোসেন চৌধুরী, ব্যাংক কর্মকর্তা সুহেল রানা, হুসবান আহমদ চৌধুরী, আবুল হাসনাত, দেওয়ান আদনান আহমদ চৌধুরী, এটিএম আনোয়ার শিকদার, বর্তমান ম্যানেজার, প্রধান কার্যালয়ের প্রাক্তন এমডি, হেড অব রিকভারী নাসিরুল হোসেন, এক্সিকিউটিভ অফিসার মো. একরামূল ইসলামকে আসামি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.