নিজস্ব প্রতিবেদক | ০৩ মে, ২০১৭
বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বুধবার (৩ এপ্রিল) সিলেটের আমেরিকান কর্নারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মনির উদ্দিন, আমেরিকান কর্নার সিলেটের পরিচালক মো. মোস্তফা কামাল ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক প্রণব কান্তি দেব।
সভায় সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন।
সভায় বর্তমান প্রেক্ষাপটে মুক্ত সাংবাদিকতার চ্যালেঞ্জ ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন বক্তারা।
বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরে সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, অধিকাংশ নির্যাতনের ঘটনার সঠিক বিচার হচ্ছেনা।
এ সময় তারা বলেন, সুষ্ঠু গনতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থেই নিরাপদ ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করতে নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক আব্দুর রশীদ রেনু, সিনিয়র সাংবাদিক খালেদ আহমেদ, আব্দুল মতিন, আফম সাঈদ, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু, এটিএন নিউজের সিলেট প্রতিনিধি ও দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক সজল ছত্রী, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, ডিবিসি নিউজের সিলেট প্রতিনিধি প্রত্যুষ তালুকদার, দৈনিক জালালাবাদের প্রতিবেদক আহবাব মোস্তফা, এসএটিভির ক্যামেরা জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল, সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম এর সহযোগী সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, নিউজ বাংলাদেশের মানাউবি সিংহ শুভ, দি ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, দৈনিক উত্তরপূর্বের আলোকচিত্রী শঙ্কর দাশ, বাংলাভিশনের ক্যামেরা পারসন পাপ্পু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সুবিনয় আচার্য।