গোয়াইনঘাট প্রতিনিধি | ০৩ মে, ২০১৭
সিলেটের গোয়াইনঘাটে ব্র্যাকের এক নারী কর্মী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২ মে) এ ঘটনাটি ঘটে। নিহতের নাম চম্পা রানী দাশ লিপি (২২)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নগেন্দ্র দাশের মেয়ে এবং ব্র্যাক রাধানগর শাখার নারী কর্মী।
জানা যায়, লিপি প্রায় বছরখানেক পূর্বে ব্র্যাক রাধানগর শাখায় যোগদান করেন এবং স্থানীয় ভিত্রিখেল গ্রামের দীনেশ ধরের বাড়িতে লজিং হিসেবে থাকত। মঙ্গলবার দুপুরে অফিসের কাজ শেষে তিনি বাসায় গিয়ে বিশ্রামের কথা বলে তার কক্ষে যান। সন্ধ্যায় ওই বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেলে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে গোয়াইনঘাটের থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।