নবীগঞ্জ প্রতিনিধি | ০৩ মে, ২০১৭
নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের আড়াই হাজার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ মে) সকাল থেকে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম), বড় ভাকৈর (পূর্ব), ইনাতগঞ্জ, আউশকান্দি, খারগাঁও, সদর, বাউশা, দেবপাড়া, গজনাইপুর ইউনিয়নে ও এর আগের দিন দিঘলবাক, কুর্শি, কালিয়ারভাঙ্গা ও পানিউমদা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবারের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়।
নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নের উপস্থিত থেকে উক্ত চাল ও টাকা বিতরণের উদ্বোধন করেন।
নবীগঞ্জের মোট আড়াই হাজার কৃষক সরকারের এই বিশেষ বরাদ্দের সুবিধা পায়। প্রথম দিনে ৩৮ কেজি করে ১ মাস ৮ দিনের চাল ও নগদ ৫ শত টাকা করে দেয়া হয়। নবীগঞ্জ খাদ্য গুদামের সামনে সদর ইউনিয়নের কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, কাউন্সিলর জাকির হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মুহিত, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও ইউপি সদস্যবৃন্দ।