নিজস্ব প্রতিবেদক | ০৩ মে, ২০১৭
নগরীর জিন্দাবাজার এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচ ভাই রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জন্য ২০ হাজার টাকা ও বিএসটিআই'র মনোগ্রাম ছাড়া দই বিক্রির জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পাঁচ ভাই ছাড়াও নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করে আদালত। এছাড়া কালিঘাটের চাল ও চিনির বাজারে অভিযান চালিয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, আসন্ন রমজান মাস উপলক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে। রমজানকে কেন্দ্র করে যাতে দ্রব্যমূল্য বাড়ানো না হয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা না হয় তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।