সিলেটটুডে ডেস্ক | ০৩ মে, ২০১৭
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, "আমরা হাওরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য দিতে এসেছি। বক্তৃতা বা বিবৃতি দেয়ার জন্য নয়। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় বসে বিবৃতি দেন।"
বুধবার (৩ মে) দুপুরে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে হাওরের ফসলহারাদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, "যারা বক্তৃতা দেয়, তারা ঢাকায় বসে বক্তৃতা দিচ্ছে। কিন্তু আমাদের সরকারের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই আপনাদের পাশে এসেছেন। আমরা পাশে এসেছি, সাহায্য দিচ্ছি আর উনারা (বিএনপি নেতৃবৃন্দ) ঢাকায় বসে বিবৃতি দিচ্ছেন।"
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আপনারা আমাদের সরকারের প্রতি ভরসা রাখতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য যা যা করণীয়, সবকিছু করা হবে।"
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এনামুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।