সিলেটটুডে ডেস্ক | ০৬ মে, ২০১৭
কার্ল মার্কসের জন্মবার্ষিকী উপলক্ষে “সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট” এর উদ্যোগে শুক্রবার( ৫মে) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কার্ল মার্কসের অস্থায়ী পথিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।
এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী, সিপিবি সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া, যুব ইউনিয় সিলেট জেলা সভাপতি খায়রুল হাসান, উদীচী জেলা সহ-সভাপতি রতন দেব, নারী মুক্তি সংসদের জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, অ্যাভোকেট রনেন সরকার রনি, বাসদ সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, এম. এস. এ মাসুম, সাজ্জাদ মিয়া সহ বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।
পরে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সংক্ষিপ্ত সমাবেশে কমরেড বেদানন্দ ভট্টাচার্য বলেন, মহামতি কার্ল মার্কসের তত্ত্বের উপর ভিত্তি করেই ১৯১৭ সালে কমরেড লেনিন সোভিয়েত ইউনিয়নে প্রথম শ্রমজীবী মানুষের অনুকূলে একটি সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। রুশ বিপ্লব আজও পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের শোষণ মুক্তির সনদ হিসেবে ইতিহাসে চিরঞ্জীব হয়ে আছে। আজ সমগ্র বিশ্বের দেশে দেশে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন তার কবল থেকে মানব সভ্যতা তথা মানব মুক্তির জন্য রুশ বিপ্লবের শিক্ষাকে পাথেও করে মহামতি কার্ল মার্কসের তত্ত্বের উপর ভিত্তি করেই মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।