জগন্নাথপুর প্রতিনিধি | ০৬ মে, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আবারো বিদ্যুৎ বিভ্রাট। দীর্ঘ ২২ ঘণ্টা ধরে বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে উপজেলাটি।
শুক্রবার (৫ মে) রাত ৯ টা থেকে জগন্নাথপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানের বিদ্যুতবিহীন হয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে জগন্নাথপুর।
এ বিদ্যুৎ বিভ্রাটে অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে অনেক গ্রাহকরা বলেন, আমাদের নিয়ে জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রঙতামাসা শুরু করেছে। তাদের এই রঙতামাসায় মনে হয় আমরা তাদের কোনো কিছু না। আমাদের কথা চিন্তা করলে ঘণ্টার পর ঘণ্টা এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখত না। তাদের এমন অমানবিক ও অনৈতিক আচরণের ফলে আমরা অতিষ্ঠ হয়ে পরেছি।
ভুক্তভোগী গ্রাহকরা আরো বলেন, তাদের জন্য আমাদের ছেলে-মেয়েরা ভাল করে পড়ালেখা করতে পারছে না। তাদের অনৈতিক কার্যকলাপে আমাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খারাপ ফলাফল করে। ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয় হয়ে পড়ছে।
বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার কারণে ব্যবসায়ীদের নানান সমস্যায় পরতে হচ্ছে বলে অনেক ব্যবসায়ীরা জানান। ফলে তারা অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছেন।
এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।