Sylhet Today 24 PRINT

বাক স্বাধীনতা হরণকারী ৫৭ ধারা বাতিল হবে : হবিগঞ্জে আইনমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৭ মে, ২০১৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা জনগণের বাক স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ উঠেছে। তাই এই ধারা বাতিল করা হবে। এ ধারার বিষয়ে এ আইনের নতুন ধারা ডিজিটাল সিকিউরিটি এক্টে স্পষ্ট করা হবে।

রোববার (৭ মে) দুপুরে হবিগঞ্জের নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, এই আইনের মাধ্যমে যাতে অহেতুক কাউকে অন্যায়ভাবে হয়রানি না করা হয়, সেরকম ব্যবস্থা থাকবে। ৫৭ ধারায় ইতোমধ্যে যাদের বিরুদ্ধে মামলা বা তদন্ত চলছে, নতুন আইনে এর দিক নির্দেশনাও থাকবে।

নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের পর মন্ত্রী ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এসময় মন্ত্রীর সঙ্গে আবু জাহির এমপি, মাহবুব আলী এমপি, আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক সাবিনা আলম সহ সরকারি কর্মকর্তা ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১ নভেম্বর দেশের নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে পৃথক বিচার বিভাগের যাত্রা শুরু হয়। যার ফলে সারা দেশের বিভিন্ন জেলার ন্যায় হবিগঞ্জের আদালতেও এজলাসের অপ্রতুলতা দেখা দেয়। জনগণের দুর্ভোগ লাঘব ও মামলার জট হ্রাস করে দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে সরকার ৬৪টি জেলা সদরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) প্রকল্প হাতে নেয়। হবিগঞ্জে প্রথম পর্যায়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১২ তলা ভীত বিশিষ্ট ভবনের ৫ তলা নির্মাণ করা হয়েছে। ৮৬ হাজার ৫শ বর্গফুটের ৫ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি ১২ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.