Sylhet Today 24 PRINT

সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ : ওসমানীনগরের ইউপি সদস্য নগরী থেকে আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০১৭

সংখ্যালঘু পরিবারের ভিটেমাটি দখল চেষ্টার অভিযোগে ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মাহফুজুল হক আখলুকে আটক করেছে পুলিশ। রোবার বেলা পৌণে ২টার দিকে সুবিদবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, সুবিদবাজার এলাকায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে যাওয়ার পথে আটক করা হয় তাকে।

গত ৩ মে দুপুরে আখলুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রণধীন সূত্রধর নামের এক ব্যক্তি। এতে তিনি অভিযোগ করেন, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরীর মামা ফয়জুল হক ও তার মামাতো ভাই ৬ নং ওয়ার্ডের সদস্য মাহফুজুল হক আখলু গ্রামের কিছু আত্মীয় স্বজনকে নিয়ে তাদের ভূমি দখলের লক্ষ্যে নানারকম অত্যাচার নির্যাতন করে আসছে।

এই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে রোববার পাল্টা সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন আখলু। সংবাদ করতে প্রেসক্লাবে যাওয়ার সময় তাকে আটক করা হয়।  

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন ইউপি সদস্য আখলুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাহফুজুল হক আখলুর বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.