Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান কর্তৃক গ্রাম পুলিশ লাঞ্ছিতের অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ মে, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহালের বিরুদ্ধে গ্রাম পুলিশ লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছে এই ইউনিয়নের গ্রাম পুলিশ (দফাদার/মহল্লাদার) সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ নজবুল ইসলাম এবং আব্দুল করিমকে ভিজিএফ’র ৮৫ বস্তা চাল গাড়ি থেকে হল রুমে নেওয়ার জন্য বলেন। এতে তারা দুজন অপারগতা প্রকাশ করলে ইউপি চেয়ারম্যান তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ লাঠি দিয়ে শারীরিক ভাবে নির্যাতন করেন।

একই সাথে তিনি সকল দফাদারদের উদ্দেশ্যে বলেন, এখানে আমি যে আদেশ করবো তাই মানতে হবে। এর ব্যতিক্রম হলে কারোরই চাকরী থাকবে না বলে তিনি হুমকিও দেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল বলেন, আমি গ্রাম পুলিশদের কাজের নির্দেশ দিলে তারা অপারগতা প্রকাশ করে। এ সময় রাগের বশে আমি তাদেরকে ধমক দিয়েছি মাত্র। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশদের স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.