Sylhet Today 24 PRINT

মঙ্গলবার হাকালুকি হাওর পরিদর্শনে আসছেন সেতুমন্ত্রী, দেবেন ত্রাণ

বড়লেখা প্রতিনিধি |  ০৮ মে, ২০১৭

মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের বড়লেখা ও জুড়ীতে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ মে) তিনি এসব এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে পৃথক অনুষ্ঠানে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন ওবায়দুল কাদেরের সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি হেলিকপ্টারযোগে বড়লেখা উপজেলার সুজানগর হ্যালিপ্যাডে এসে নামবেন। এরপর মন্ত্রী জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন। ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা শেষে মন্ত্রী হাকালুকি পাড়ের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.