Sylhet Today 24 PRINT

বড়লেখায় ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ২

বড়লেখা প্রতিনিধি |  ০৮ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় মাছ পরিবহনকারী একটি ট্রাকের চাপায় নিয়াজ উদ্দিন (৪০) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক মারা গেছেন।

সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুলাউড়া-বড়লেখা সড়কের রতুলি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এতে আহত হয়েছেন অটোরিকশার ২ আরোহী। নিহত নিয়াজ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল খন্দকার টিলার হুছন মিয়ার ছেলে।

আহত রিকশা আরোহীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি তাৎক্ষণিক পালিয়ে গেলেও পরে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রী নিয়ে রিকশা (অটো) চালক নিয়াজ উদ্দিন দক্ষিণভাগ বাজার থেকে রতুলি বাজারের দিকে যাচ্ছিলেন। কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের রতুলি বাজার এলাকায় (কুমারপাড়া) নামক স্থানে পৌঁছার পর বড়লেখার দিক থেকে আসা কুলাউড়াগামী মাছ পরিবহনকারী ট্রাকটি নিয়াজ উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে বড়লেখা থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রিকশা চালকের মাথা একেবারে থেতলে গেছে। চাপাদানকারী ট্রাকটি জুড়ী থানায় আটক করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.