Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

ওসমানীনগর প্রতিনিধি |  ০৯ মে, ২০১৭

সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে সৈয়দা হেমী বেগম (৫০) নামের এক স্ত্রী নির্মমভাবে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হেমী খাশিপাড়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খাশিপাড়া গ্রামের ৫ ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক হান্নান ও তার স্ত্রী সৈয়দা হেমী বেগমের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ নিয়ে তাদের গ্রামের পঞ্চায়েত ও আত্মীয় স্বজনরা একাধিকবার সালিশ বৈঠক করে তাদের পারিবারিক কলহের সমাধান করতে পারেন নি। রোববার (৭ মে) হেমী বিগমের তৃতীয় ছেলে রুহিন মিয়া তার মায়ের নিকট টাকা চাইলে ছেলেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এ সময় রুহিন ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা টিভি সহ আসবাবপত্র ভাংচুর করে। এর জের ধরে গত দুদিন ধরে স্বামী হান্নান মিয়া তার স্ত্রী হেমী বেগমের সাথে ঝগড়া করে আসছেন।

মঙ্গলবার ছেলে বাড়ির বাহিরে থাকার সুযোগে আবারও হান্নান মিয়া হেমী বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হান্নান মিয়া ঘরে থাকা বটি দা দিয়ে হেমী বেগমের মাথায় একাধিক কোপ দিয়ে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেমী বেগমকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ খুনে ব্যবহৃত রক্তমাখা বটিদা ও রক্তমাখা একটি জামা উদ্ধার করেছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সাথে জড়িতকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.