বড়লেখা প্রতিনিধি | ০৯ মে, ২০১৭
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে এসেছি শুধু এ কথা বলতে আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না। আপনাদের পাশে কেউ নেই এটা ভাবনে না। যত দিন না আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে। যতদিন না আপনাদের নতুন ফসল ঘরে উঠবে তত দিন পর্যন্ত শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। পাশে থেকে সাহায্য দিয়ে যাবে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে মন্ত্রী মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার হাকালুকি অংশের সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয় ও বড়লেখা উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে হাকালুকি হাওর অংশের ৬০০ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ২০ কেজি করে চাল ও নগদ পাঁচশত টাকা করে বিতরণ করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এখানে এসেছি । তিনি বলেছেন আমি সুনামগঞ্জ গেছি। নেত্রকোনা যাব। সব জায়গায় যেতে পারছি না। হাকালুকির জনগণ অনেক ক্ষতিগ্রস্ত। তাদেরকে দেখার জন্য তুমি যাও। তাদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।’
তিনি আরো বলেন, ‘কে আপনাদের দেখতে আসল কে আসল না এটা নিয়ে ভাববেন না। আমরা মানুষের জন্য কাজ করি। এই জন্য ত্রাণ নিয়ে এসেছি। শেখ হাসিনার সরকার ত্রাণ নিয়ে মানুষের সাথে রাজনীতি করে না। আমি এসেছি ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে। আমি এখান থেকে ত্রাণ মন্ত্রণালয়ে কথা বলেছি। আগামী এক বছর পর্যন্ত মৌলভীবাজার জেলার হাকালুকি অংশের ৩ উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষকে এই সাহায্য দেওয়া অব্যাহত থাকবে।’ হাওরপাড়ের মানুষের জন্য ৬শ নয় ৬ হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ করা হবে। ‘এছাড়া হাকালুকি হাওর উন্নয়নের জন্য আমাদের সরকার যা যা করা দরকার তাই করবে।’
জুড়ীতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।
বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এ সময় হুইপ শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহ্ জালাল প্রমুখ।