Sylhet Today 24 PRINT

শবে বরাত পালনে শৃঙ্খলা ও নগরবাসীর নিরাপত্তায় এসএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০১৭

পবিত্র শবে বরাত যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের সার্বিক শৃঙ্খলা ও নগরবাসীর নিরাপত্তার জন্যে বিভিন্ন নির্দেশনা সম্বলিত গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে,

  • শবে বরাত উদযাপনের লক্ষ্যে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে মাজার শরীফ, মসজিদ, মাদরাসা ও কবরস্থানের পাশে সার্বিক আইন-শৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
  • সিলেট মহানগর এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
  • হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ব্যতিত উক্ত মোটরসাইকেলে অন্য কোন আরোহী বহন করা যাবে না।
  • একযোগে বা দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
  • মসজিদ, মাজার ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাগ, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হলো।
  • শবে বরাতে মুসল্লিগণ যেন নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারে সেই জন্য নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে অত্র গণবিজ্ঞপ্তি জারি করা হলো। অত্র বিজ্ঞপ্তি পবিত্র শবে বরাত শেষ না হওয়া পর্যন্ত পর্যন্ত বলবত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.