Sylhet Today 24 PRINT

গ্যাস সংযোগ পেতে যাচ্ছে সিলেটের ২৪ বাণিজ্যিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক |  ১০ মে, ২০১৭

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গ্যাস সংযোগ পাচ্ছে সিলেটের ২৪ টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রায় ৬ বছর বন্ধ থাকার পর সম্প্রতি শিল্পে গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন করে আবার ৩৫৫টি শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে। এর মধ্যে সিলেটের ২৪ টি প্রতিষ্ঠানও রয়েছে।

সম্প্রতি পেট্রোবাংলার ওয়েবসাইটে নতুন গ্যাস সংযোগের জন্য অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। এতে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে আবেদন পড়া ২৪ টি প্রতিষ্ঠান রয়েছে। তবে, জালালাবাদ গ্যাস সূত্রে জানা গেছে, শিল্প ও বাণিজ্য খাতে সংযোগের আড়াই শতাধিক আবেদন পড়ে আছে জালালাবাদ গ্যাসে। দীর্ঘদিন আগে আবেদন করেও গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদন শুরু করতে পারছে না বেশিরভাগ প্রতিষ্ঠান।

প্রেট্রোবাংলার ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে জানা যায় সিলেটের ২৪ টি প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- হবিগঞ্জের নবীগঞ্জের মেসার্স বাংলাবাজার গার্মেন্টস এন্ড টেক্সটাইল মিলস লিমিটেড, শাহজিবাজারের মেসার্স সামুদা পার অক্সাইড লিমিটেড, একই এলাকার হার্ডল্যান্ড সিরামিকস, শায়েস্তাগঞ্জের মেসার্স অর্গানিক নিট কম্পোজিট লিমিটেড, একই এলাকার মেসার্স এসবি নীট কম্পোজিট, বাহুবলের মেসার্স কণিকা কমার্শিয়াল লিমিটেড, নগরীর বিমানবন্দর সড়কের টুপাটুপি রেস্টুরেন্ট, বটেশ্বর এলাকার মেসার্স সানলাইট ফুডস প্রোডাক্টস, শাহজিবাজারের মেসার্স কেকো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, একই এলাকার মেসার্স নাহিদ ফাইন টেক্সটাইল।

খাদিমনগর বিসিক শিল্প নগরীর মেসার্স সিলেট বোর্ড মিলস লিমিটেড, মেসার্স থাই ফুড প্রোডাক্টস, শ্রীমঙ্গলের মেসার্স সিরাজনগর ওয়াকফ টি এস্টেট, সিলেটের বড়শালা এলাকার মেসার্স আরসি এগ্রো মার্কেটিং কোম্পানি লিমিটেড, হবিগঞ্জের যমুনা টায়ার লিমিটেড, হবিগঞ্জের এভারওয়ে ইয়ার্ন ডায়িং লিমিটেড, আরগন স্টিনিং লিমিটেড, শ্রীমঙ্গলের রুশনী অটো রাইস মিল, মাধবপুরের মেসার্স গ্লোরি এগ্রো প্রোডাক্টস, গোটাটিকর বিসিক শিল্পনগরীর রসমেলা ফুড প্রোডাক্টস, খাদিম এলাকার খাদিম সিরামিকস, হবিগঞ্জের স্কয়ার ডেনিমস লিমিটেড, হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও পাইওনিয়ার স্পিনিং লিমিটেড।

এ ব্যাপারে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিল্পখাতে গ্যাস সংযোগের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবেদনকারীদের সবকিছু যাচাই বাছাই করে সংযোগ প্রদানের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে। যা পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে সিলেটেরও ২৪ টি প্রতিষ্ঠান রয়েছে বলে শুনেছি। তবে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি আসেনি।

শীঘ্রই চিঠি আসতে পারে জানিয়ে তিনি বলেন, চিঠি পেলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, নতুন সংযোগগুলো প্রদান করা হলে গ্যাসের প্রয়োজন হবে প্রায় ১০ কোটি ঘনফুট।

জানা যায়, শিল্পে গ্যাস সংযোগ এবং লোড বরাদ্দ দেয়ার জন্য সরকার ২০১১ সালের মার্চে ৬ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে। ওই কমিটিই গ্যাস সংযোগের জন্য আবেদনকারীদের মধ্যে থেকে যাচাই বাছাই করে ৩৫৫টি কোম্পানিকে সংযোগ প্রদানের অনুমোদন প্রদান করে।

উল্লেখ্য, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ করে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.