Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আটক ৩

নবীগঞ্জ প্রতিনিধি  |  ১০ মে, ২০১৭

নিহত স্কুলছাত্র সুজাত মিয়া

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বুধবার (১০ মে) সকাল ১০টার দিকে উপজেলার ২ নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাইর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সুজাত মিয়া (১৫) স্থানীয় অফর মিয়ার ছেলে এবং বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ওই গ্রামের ফয়জুল্লাহর একটি ষাঁড় গোচারন ভুমিতে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো। এসময় একই গ্রামের আব্দুল খালেকের ছেলে তার আরেকটি ষাঁড় নিয়ে ওই বাঁধা ষাঁড়ের সাথে লড়াই বাধিয়ে দেন। এ খবর পেয়ে ফয়জুল্লাহর লোকেরা এসে বাধা দেন। উভয় পক্ষের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে সামান্য মারামারি হয়।

এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় বিবিয়ানা বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। স্থানীয় লোকজন সংঘর্ষে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.