Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে রোলার চাপায় প্রাণ গেল শ্রমিকের

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ মে, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে রোলার চালকের অসাবধানতায় প্রাণ হারালেন রইছ উদ্দিন (২০) নামের এক শ্রমিক।

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৫টায় এলজিইডির সড়ক পুন:সংস্কার কাজ চলাকালীন সময়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রইছ উদ্দিন সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনীগঞ্জ গ্রামের আপ্তর আলীর পুত্র। তিনি এলজিইডি সড়কের পুন:সংস্কার কাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘাতক রোলার চালক পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ওই শ্রমিকসহ অন্যান্য শ্রমিকরা জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর বটের তল নামক স্থানে কাজে নিয়োজিত ছিলেন। একসময় রোলারের চালক রেজাউল তার সহযোগী ওলিউরকে চালকের আসনে বসান। অলিউর মোবাইল ফোনে কথা বলতে বলতে রোলার চালাচ্ছিলেন। এসময় তার অসাবধানতায় রোলারের নিচে চাপা পড়েন শ্রমিক রইছ উদ্দিন।

সাথে সাথে তাঁকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রইছকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রমিক নিহতের খবরটি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.