Sylhet Today 24 PRINT

বড়লেখায় নিখোঁজের ২৪ ঘন্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ১০ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের ২৪ ঘন্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) বিকেলে উপজেলার কাঁঠালতলী চুকারপুঞ্জি গ্রামের একটি ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সিরাজ উদ্দিন (৩৮)। তিনি কাঁঠালতলী চুকারপুঞ্জি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সিরাজ উদ্দিন মঙ্গলবার বিকেলে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর স্ত্রী-সন্তানরা বুধবার বিকেলে বসত বাড়ি হতে ৫শ’ গজ দূরে প্রতিবেশি ইয়াকুব আলীর ডোবায় তার লাশ ভাসতে দেখেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, "সুরতহালে নিহতের হাতে একটি কালো দাগ দেখা গেছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।" 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.