Sylhet Today 24 PRINT

২০ তারিখের পর খেলা হবে: শাফাতের আত্মীয়ের দম্ভোক্তি

দেবকল্যাণ ধর বাপন, ঢাকাদক্ষিণ থেকে ফিরে |  ১১ মে, ২০১৭

'২০ তারিখ (মে) মেডিকেল রিপোর্ট আসবে। রিপোর্টে কিছুই পাওয়া যাবে না। এক মাস পর মেডিকেল টেস্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় না। এখন আমরা চুপ করে আছি। ২০ তারিখের পর খেলা হবে। তখন আমরা ঢাকায় সংবাদ সম্মেলন করবো।'

জোর দিয়েই কথাগুলো বললেন মো. হান্নান। বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী শাফাত আহমদের গোষ্ঠিসম্পর্কীয় চাচাতো ভাই তিনি। বুধবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামের শাফাতদের পৈতৃক বাড়িতে গিয়ে কথা হয় মো. হান্নানের সাথে।

শাফাতদের গ্রামের বাড়ির সম্পদ দেখাশোনা করেন তিনি। আলাপকালে নিজেকে শাফাতের চাচাতো ভাই বলে পরিচয় দেন।

ধর্ষণের অভিযোগকারী দুই ছাত্রীর শারীরিক পরীক্ষা গত ৭ মে ঢাকা মেডিকেল কলেজে সম্পন্ন হয়। ২০ মে এই প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান মো. হান্নান।

আলাপকালে সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করে মো. হান্নান বলেন, দেশে এতো বড় বড় সব ঘটনা ঘটে যাচ্ছে এদিকে আপনাদের কোন খেয়াল নাই, আর আমার ভাইকে নিয়ে সবাই পাগল হয়ে গেছেন। তুচ্ছ একটা ঘটনাকে আপনারা সাংবাদিকরা সাংঘাতিক করে তুলেছেন। আমরা আইএস নাকি? খুনি নাকি? এই ঘটনা নিয়ে সব মিডিয়া পাগল কেনো?

এই ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর জন্য শাফাত আহমদের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসাকে দায়ী করেন তিনি।

হান্নান বলেন, 'পিয়াসার সাগরে কিছু যুবক পিয়াসা মিটিয়েছে তা নিয়েই আপনাদের যত মাথাব্যথা'।

বলেন, পিয়াসা এক টাকার কাবিনে আমার ভাইকে বিয়ে করেছিলো। আমার ভাইকে ফাঁদে ফেলেছিলো। আমার চাচা (শাফাতের বাবা) প্রথম থেকেই এ বিয়ে মেনে নেননি। পরে আমার ভাই নিজের ভুল বুঝতে পেরে ওই মেয়েকে ডিভোর্স দেয়। পিয়াসাই সম্পত্তির লোভে এসব ষড়যন্ত্র করছে।

ফারিয়াকে দোষারোপ করে তিনি বলেন, সে কি দেখে বিয়ে করেছিলো আমার ভাইকে? সে দেখেছিলো সোনা আর ডায়মন্ড। যদি সে তা নাই দেখত তাহলে কেনো ১০ বছরের ছোট ছেলেকে কেনো বিয়ে করল?

তিনি বলেন, ওসব এলাকায় কেউ ধর্ষণ হয় নাকি? বনানী নিকেতন এলাকার মেয়েদের চলাফেরা আপনি কখনো দেখছেন। যারা রাতে নিজ ইচ্ছায় হোটেলে আসে তারা ধর্ষণ হয় কি করে? ওই হোটেলের কর্তৃপক্ষও তো বলছে, সকালে সবাই হাসিমুখে বেরিয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাই শাফাতকে ফাঁসাতেই ফারিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ২৮ মার্চ জন্মদিনের পার্টিতে পাঠান। চক্রান্তের অংশ হিসেবে ৫ মে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে ফারিয়াও বনানী থানায় যান।

ধর্ষণ হলে এক মাস পরে মামলা কেনো? থানায় মামলা না নিলে মামলা করার তো আরো জায়গা ছিলো, তারা কেনো ওসব জায়গায় গেলো না?- প্রশ্ন তুলেন তিনি।

নিজেকে ন্যাপ নেতা পরিচয় দিয়ে মো. হান্নান এই প্রতিবেদককে বলেন, আপনি সব লিখেন। সত্য সবার জানা উচিত।

শাফাত আহমদ সিলেটে আছেন এবং তাঁর সাথে যোগাযোগ আছে জানিয়ে হান্নান বলেন, তবে আপনাদের তা জানাবো না।

তিনি বলেন, আমার চাচা (শাফাতের বাবা দিলদার আহমদ সেলিম) এলাকায় দানশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এলাকার সবাইকে তারা দান-খয়রাত করেন। তাদের কোনো বদনাম নেই। এসব মিথ্যে কথা এলাকার কেউ বিশ্বাস করে না।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারী  বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ধর্ষকরা ধর্ষণের চিত্র ভিডিও করে। এমনকি নানা ধরনের হুমকিও দেয়। প্রাণের ভয়ে প্রায় দেড় মাস চুপ থেকে দুই তরুণী গত ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগ করতে গেলে থানা পুলিশ দীর্ঘ ৪৮ ঘণ্টা পর ৬ মে অভিযোগ গ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.