Sylhet Today 24 PRINT

বড়লেখা থেকে অপহৃত ছাত্রী ২৩ দিন পর গাজীপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি  |  ১২ মে, ২০১৭

অপহরণকারী জোবায়ের আহমদ নয়ন

মৌলভীবাজারের বড়লেখার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী (১৬) কে অপহরণের ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীকে।

বৃহস্পতিবার (১১ মে) রাতে গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী জোবায়ের আহমদ নয়নকে (১৮) গ্রেপ্তার করে।

নয়ন উপজেলার হরিপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ও গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে তার মা গত ১৭ এপ্রিল বাড়ির সামনে কাজের লোকের কাজকর্ম তদারকি করছিলেন। এ সময় একটি সাদা রঙের নোহা গাড়ি নিয়ে অভিযুক্ত জোবায়ের আহমদ নয়ন ও তার কয়েকজন সহযোগী নিয়ে জোরপূর্বক স্কুলছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা গত ২১ এপ্রিল জোবায়ের আহমদ নয়নসহ অজ্ঞাতনামাদের আসামি করে মেয়েকে অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অপহরণ মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য ঢাকার শেরেবাংলা নগর এলাকায় কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

অবশেষে বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদারের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার বিন্দুবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী নয়নকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর জানান, স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অপহরণ মামলায় ২৩ দিন পর গাজীপুর থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী স্কুলছাত্র নয়নকে গ্রেপ্তার করা হয়। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে শুক্রবার বিকেলে জেলা সদর হাসপাতালে এবং গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.