Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌরসভার প্যানেল মেয়রের সিম ক্লোনের অভিযোগ, থানায় জিডি

বড়লেখা প্রতিনিধি |  ১২ মে, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের ব্যক্তিগত মুঠোফোনের সিম ক্লোনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার (১২ মে) রাতে প্যানেল মেয়র থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ মে) অজ্ঞাতনামা ব্যক্তি অসৎ উদ্দেশে তার ব্যক্তিগত মুঠোফোনের সিমটি ক্লোন করে অন্য একটি মোবাইল ফোন নম্বর থেকে বিভিন্ন জনকে কনফারেন্স কল দিয়ে বিভ্রান্তি ছড়ায়। শুক্রবার (১২ মে) বিকেল ৩টার দিকে অপরিচিত অন্য আরেকটি নম্বর থেকে তাজ উদ্দিনকে কল দিয়ে হুমকি দেয়া হয়। অজ্ঞাত ব্যক্তি তার বড় ধরণের ক্ষতি করতে পারে এমনটি আশঙ্কা করছেন তিনি।

এ ব্যাপারে প্যানেল মেয়র তাজ উদ্দিন বলেন, আমার ব্যক্তিগত মুঠোফোনের সিম ক্লোন করে আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশে অজ্ঞাত ব্যক্তি এ কাজটি করছে। আমি ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার শুক্রবার রাত ১১টায় জিডির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.