হবিগঞ্জ প্রতিনিধি | ১৬ মে, ২০১৭
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগানে সেইভ দ্য চিলড্রেনের মা-মনি এইচএসএস প্রকল্পের উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক পথ নাটক প্রদর্শিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় দেউন্দি চা বাগানের বাংলা টিলাতে গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে ৩০ মিনিট ব্যাপ্তির এ পথ নাটকটির ১৪০তম প্রদর্শনী হয়।
'মা মনির কিচ্ছা' নামের এ নাটকটিতে দর্শকদের সচেতনতামূলক অনেক বার্তা দেয়া হয়।
মা-মনি এইচএসএস প্রকল্পের পথ নাটক সমনন্বয়কারী মোক্তাদির হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতন করাই এ প্রকল্পের লক্ষ্য। এছাড়াও সরকারের সমন্বয়ে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার রোধ করার জন্য আমাদের এই প্রচেষ্টা।
নাটক শেষে এ বিষয়ে উপস্থিত দর্শকদের সাথে কথা বলেন মা-মনি প্রজেক্টের আওতাধীন ভিজ্যুয়াল কমিউনিকেশন এর নির্বাহী কর্মকর্তা মো. শাহানুল ইসলাম।
দলনেতা তুষারের নেতৃত্বে নাটকে অভিনয় করেন, বৃষ্টি, মিলি, পপি, শিমুল ও শাকিল।