Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশ থেকে উদ্ধারকৃত শাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মে, ২০১৭

ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে আহত অবস্থায় উদ্ধারকৃত শাবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোস্তাহিন রাজ্জাক মামুন।

বুধবার (১৭ মে) সকাল ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তাহিন রাজ্জাক মামুন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনিয়মিত ছাত্র। তাঁর বাবা সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক আবদুর রাজ্জাক ও মা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একই বিভাগের চিকিৎসক হোসনে আরা।

এ বিষয়ে সিলেটের সহকারি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, পুলিশের ধারনা ভোরে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে এ অবস্থা হতে পারে। তার কাছ থেকে গতকাল ও আজকের দুটি ট্রেনের টিকেট পাওয়া গেছে। স্থানীয়রা মামুনকে উদ্ধার করে ওসমানীতে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.