নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০১৭
সিলেটে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী ভ্যাট রেজিস্ট্রেশন মেলা।
বুধবার (১৭ মে) সকাল পৌনে ১১টায় নগরীর মেন্দিবাগস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সদর দপ্তরে মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩০ লাখ শহীদ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ব্যাপক উন্নয়ন হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি ক্ষেত্রে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল। শিগগিরই আমাদের প্রিয় দেশ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৪তম শক্তিশালী অর্থনীতির দেশ। ২০০৯ সালে যেখানে দেশে রিজার্ভের পরিমাণ ছিল ৯ মিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলারে। রাজস্বের বড় অংশ আসে কর, আয়কর ও ভ্যাট থেকে। সর্বশেষ অর্থবছরে এর পরিমাণ ১ লাখ ৭০ হাজার কোটি টাকা।
ভ্যাট ও কর আদায়ে কর্মরতদেরকে আরো যত্নশীল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মানুষ যাতে সুন্দর ও স্পষ্টভাবে এ বিষয়টি বুঝতে পারে এবং সঠিকভাবে কর ও ভ্যাট প্রদান করতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. মনজুর আহমদ। স্বাগত বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার শফিকুল ইসলাম বলেন, দেশের ১৬ কোটি মানুষই ভ্যাট দিচ্ছেন। কেউই ভ্যাটের আওতার বাইরে নয়। আর ভ্যাট প্রদানের মাধ্যমে সবাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশীদার হচ্ছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি সেক্টর ডিজিটালাইজড হচ্ছে। কার্যক্রমে আসছে অনেক গতি। আগামি ১ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, তখন ঘরে বসেই এ বিষয়ে সব ধরণের সেবা গ্রহণ করা যাবে।
রাজস্ব কর্মকর্তা আশীষ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছা. নাজমানারা খানুম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি হাসিন আহমদ ও সিলেট উইমেনস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সভাপতি স্বর্ণলতা রায়।
মেলার উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কর্মকর্তারা। পরে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় অতিথিবৃন্দকে। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।
উল্লেখ্য, ১ জুলাই থেকে চালু হবে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২। ফলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যক্রম অনলাইনে শুরু হবে। বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে ইতোমধ্যে সংলাপসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করা হচ্ছে বিভাগীয় শহরে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা। পরবর্তীতে এ মেলা জেলা পর্যায়েও শুরু হবে। তাছাড়া বিভিন্ন উপজেলা সদরেও আয়োজন করা হবে প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম।
অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশনসহ এ সম্পর্কে তথ্যের জন্য ১৬৫৫৫ নাম্বারে এবং www.nbr.gov.bd এবং www.vat.gov.bd ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।