ওসমানীনগর প্রতিনিধি | ১৭ মে, ২০১৭
সিলেটের ওসমানীনগর থেকে নিখোঁজ হয়েছেন শিলু রানী ধর (২৬) নামের এক গৃহবধূ। তিনি মানসিক রোগে ভুগছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে শিলু রানী ধর আর বাড়ি ফেরেননি। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামের নারায়ন ধরের স্ত্রী।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও শিলু রানীর কোন সন্ধান না পাওয়ায় বুধবার দুপুরে তার স্বামী নারায়ন ধর বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৯৫) করেছেন।
শিলু রানীর স্বামী নারায়ন ধর জানান, তার স্ত্রী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা গৃহবধু নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।