নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০১৭
জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগ আমার এমপি ডটকমে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দিয়েছেন।
বুধবার (১৭ মে) উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ নাজমুল ইসলাম ইমন ও মিয়া সোহেলকে তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজার-৪ আসনের পক্ষে আমার এমপি ওয়েবসাইটের কার্যক্রম সমন্বয় করার জন্যে মনোনয়ন দেন।
এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ, পরিকল্পনা মন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী সহ শতাধিক সাংসদ এ উদ্যোগে নিজেদের সংযুক্ত করেছেন।
আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত এ মনোনয়নের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের সকল সদস্যের ব্যক্তিগত, সামাজিক ও অন্যান্য তথ্যের সমন্বয়ে সাজানো আমার এমপি ডটকমে নাগরিকগণ জনপ্রতিনিধিদের প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। জনগণের এমন প্রশ্নের উত্তর জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহের নিমিত্তে প্রত্যেক সংসদীয় আসনের বিপরিতে এক বা একাধিক ‘অ্যাম্বাসেডর’ থাকছেন।