Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় মেয়ে নিহত মা আহত

মাধবপুর প্রতিনিধি |  ১৮ মে, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুরে বৃহস্পতিবার (১৮ মে) সকালে সড়ক দুর্ঘটনায় মায়েশা নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা হুসনা বেগম (৩০) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ থানার বিরামচর গ্রামের প্রবাসী রফিক মিয়ার স্ত্রী হুসনা বেগম তার মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা এলাকায় যাবার সময় রতনপুর নামক স্থানে রাস্তা পারাপার কালে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মা মেয়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন মা ও মেয়েকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে মায়েশাকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় হুসনা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.