Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে দুই পরিবারের সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত, আহত ২

বানিয়াচং প্রতিনিধি |  ১৯ মে, ২০১৭

বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের সংঘর্ষে চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দোকানটুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মার্জিয়া আক্তার একই গ্রামের মোতালিম মিয়ার মেয়ে। মার্জিয়া ১নং বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘরের পাশের এক খন্ড জমি নিয়ে মোতাব্বির ও মোতালিম দুই সহোদরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে দুই পরিবারের মধ্যে। সংঘর্ষে গুরুতর আহত হয় মারজিয়া।

গুরুতর আহত অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সংঘর্ষে গুরুতর আহত মার্জিয়া বাবা মোতালিম মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও মা ফাতেমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের  লাশ মর্গে পাঠানো হয়েছে। যে কোন ধরণের বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের কোন খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.