নিজস্ব প্রতিবেদক | ২০ মে, ২০১৭
সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন আজ (শনিবার)। আজ ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে চেম্বারের ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সিলেট ব্যাবসায়ী পরিষদ নামে একটি প্যানেলে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলাদ কোনো প্যানেল না থাকলেও আরো ২০ ব্যবসায়ী এই নির্বাচনে প্রার্থী হয়েছেন।
নির্বাচন ঠেকাতে ব্যবসায়ীদের একটি অংশ উচ্চ আদালত ও এফবিসিসিআইয়ের আরবিটিশন বোর্ডে রিট আবেদন ও মামলা দায়ের করে। তবে আদালতে এই আবেদনগুলো খারিজ হয়ে যায়। সর্বশেষ গত বৃস্পতিবার সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট পিটিশন এবং ভোটার তালিকা সম্পর্কিত বিষয়ে দায়েরকৃত আর্বিট্রেশন মামলা নির্বাচনের পূর্বে নিষ্পত্তি না হওয়াকে চ্যালেঞ্জ করে নির্বাচন স্থগিত চেয়ে দায়েরকৃত রিট পিটিশন বিচারপতি মোহাম্মদ সৈয়দ দস্তগীর হোসেন এবং বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেন।
সিলেট চেম্বারের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী বলেন, আজকের নির্বাচনে কোনো আইনগত বাধা নেই। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হবে। অর্ডিনারী শ্রেণীতে ১হাজার ৮৫২ জন ও এসোসিয়েট পদে দেড় হাজার ও ট্রেড গ্রুপে নির্দিষ্ট ভোটাররা ভোট প্রয়োগ করবেন।