Sylhet Today 24 PRINT

রাজনগরে ‘ধর্ষণের’ পর কলেজ ছাত্রীকে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ মে, ২০১৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শাম্মী আখতার (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী করিমপুর গ্রামের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাম্মি আখতার ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে। তিনি তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশের ধারণা, ওই কলেজছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহতের বাবা হারুন মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাম্মি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।

শাম্মির ভাই শাকিব মিয়া জানান, শুক্রবার সকালে তাদের বাড়ির পাশের জমিতে মহিষ চড়াতে যান লোকমান মিয়া। এসময় একটি মহিষ পাশের জঙ্গলে ঢুকে যায়। তিনি (লোকমান) ওই মহিষ আনতে গিয়ে শাম্মির লাশ পড়ে থাকতে দেখেন।

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, 'আলামত দেখে মনে হচ্ছে গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। লাশের মুখে বেশ কিছু নখের দাগ ও ক্ষত চিহ্ন রয়েছে।'

ওই কলেজ ছাত্রী লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.