Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জুমার নামাজের পর দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

ওসমানীনগর প্রতিনিধি |  ২০ মে, ২০১৭

আধিপত্য বিস্তার নিয়ে ওসমনানীগরের সিকন্দরপুরে মসজিদের সামনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। শুক্রবার সিকন্দরপুর পশ্চিমগাঁয়ে মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

আহতরা হলেন— শিপলু মিয়া, সায়েদুল হক, শাকিল মিয়া, আফজাল খান, মালেক খান, ফজর আলী, মামুন, গোলাম হোসেন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা  হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদউল্যা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রায় চার মাস ধরে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করে প্রভাব বিস্তার করার জন্য প্রতিদিনই ফাঁকা গুলি করে এলাকাটি আতঙ্কিত   করে রেখেছে। গুলির খবর পেয়ে পুলিশ সিকন্দরপুর গ্রামে গেলেও দু-পক্ষের লোকজন অস্ত্রসহ গা-ঢাকা দেয়। ফলে পুলিশের অভিযান ব্যর্থ হয়।

উমরপুর ইউপি চেয়ারম্যান জি কিবরিয়া বলেন, বছরের পর বছর এভাবে গুলি করার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.