Sylhet Today 24 PRINT

আজ থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০১৭

ফের অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে সিলেটের পরিবহন শ্রমিকরা। আজ রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে তারা। পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

ফলিক বলেন, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

ফলিক বলেন, গত ১ মে মহান মে দিবসের আমাদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাংচুর চালায়। এরপর এঘটনায় থানায় আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়।

আমরা এই মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।

ধর্মঘটে বাসসহ সব ধরণের পরিবহন বন্ধ থাকবে বলে জানান তিনি।

এদিকে, ধর্মঘটের সমর্থনে শনিবার সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচারণা চালায় পরিবহন শ্রমিকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.