নিজস্ব প্রতিবেদক | ২০ মে, ২০১৭
বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ স্মাইকা বলেছেন, শীঘ্রই ভারতীয় হাইকমিশনের অফিস খোলা হবে সিলেটে। শনিবার (২০ মে) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা স্কলার্সশীপ স্কিমের আওতায় মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।
ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ভারত সরকার কাজ করছে। দেশকে স্বাধীন করতে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে জীবন বাজী রেখে যুদ্ধে অংশ গ্রহণ করে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্টা করেছিলেন। জীবনবাজী রাখা সেই সকল মুক্তিযোদ্ধাদের জন্য ভারত সরকারের মুক্তিযোদ্ধা স্কলার্সশীপ স্কিম একটি একাত্মতা প্রদর্শনের প্রতীকী প্রকাশ। এই স্কিমের আওতায় ইতিমধ্যে ১০ হাজারেরও বেশী মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। যার অংশ হিসেবে সিলেটে ৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এসময় তিনি আরো বলেন, ভারতের বর্তমান সরকার ইতিমধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ৫ বছরের মাল্টিপোল ভিসা চালু করেছে, প্রতিবছর বাংলাদেশের ১০০ জন মুক্তিযোদ্ধাকে ভারতে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে, এছাড়াও প্রতি বছর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, এগিয়ে যাওয়া বাংলাদেশকে আরো এগিয়ে নিতে স্কলার্সশীপ প্রাপ্ত শিক্ষার্থীরা কাজ করবে। চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান বাংলাদেশের শিল্পীরা।