নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০১৭
সিলেটে চলছে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রোববার (২১ মে) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বাসসহ সব ধরণের পরিবহন চলাচল। ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
সকালে নগরীর কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ধর্মঘটের কারণে ছেড়ে যাচ্ছে না কোন বাস। বন্ধ রয়েছে সিএনজি অটোরিক্সা, লেগুনাসহ অন্য পরিবহনগুলোও। ফলে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে যাত্রা করেছেন গন্তব্যের উদ্দেশে।
বিপদে পড়েছেন ঢাকাগামী যাত্রীসহ দূরপাল্লার যাত্রীরাও। গতকাল বিকালে হঠাৎ করেই এই ধর্মঘট আহ্বান করায় অনেক যাত্রীই সময় পাননি বিকল্প কিছু ভাবার। ফলে আজ তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক। তিনি সিলেটটুডেকে জানান, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
ফলিক বলেন, গত ১ মে মহান মে দিবসের আমাদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাংচুর চালায়। এরপর এ ঘটনায় থানায় আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়। আমরা এই মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গত ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।