নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০১৭
খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদে রেজিস্ট্রারি মাঠ থেকে পূর্ব ঘোষিত মিছিল বের করতে পারেনি সিলেট জেলা ও মহানগর বিএনপি। পরে রেজিস্ট্রারি মাঠে শুধু সমাবেশ করেছে দলটি।
রোববার দুপুর ১২টার দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ শুরু হয়। সমাবেশ চলাকালে রেজিস্ট্রারি মাঠে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এরআগে মিছিল নিয়ে বেরোতে চাইলে অনুমতি না থাকার অজুহাতে রেজিস্টারি মাঠের ফটকেই নেতাকর্মীদের আটকে দেয় পুলিশ। এসময় দুইপক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় ও মৃদু ধাক্কাধাক্কি হয়।
মিছিলে বাধা পেয়ে সমাবেশে বক্তারা বলেন- খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণার পর জনগণের যে সাড়া জেগেছে তাতে সরকার ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। তাই সরকার ঈর্ষান্বিত হয়ে তল্লাশির নামে খালেদা জিয়ার অফিসে ভাঙচুর চালিয়েছে। সরকার পতনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা যখন উজ্জীবিত হয়ে ওঠেছে ঠিক তখন সরকার দমন-পীড়নে নতুন করে মাঠে নেমেছে। তারা বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা করে রাজপথ থেকে দূরে সরানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারের এসব অপকৌশল কাজে আসবে না।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় কৃষি ও ক্ষুদ্র ঋণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।