Sylhet Today 24 PRINT

স্বামীকে ফাঁসানো হয়েছে, ধর্ষণের ঘটনাটি সাজানো : অভিযোগ ছারওয়ারের স্ত্রীর

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ২৩ মে, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফের পুত্র সারোয়ার আহমদকে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে র‌্যাব-৯ গ্রেপ্তার করে। রবিবার রাত ২টার দিকে গ্রেপ্তারকৃত যুক্তরাজ্য প্রবাসী সারোয়ার আহমদকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে র‌্যাব-৯।

তবে সংবাদ সম্মেলনে সারোয়ারের স্ত্রী তামান্না সুলতান দাবি করেন, তার স্বামী সারোয়ার আহমদ নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। তিনি স্বামীর বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত করার দাবি জানান।

তামান্না বলেন, আমাদের সম্ভ্রান্ত পরিবারের যারাই চরিত্রহরণ করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আমি সারোয়ারের স্ত্রী হিসাবে বলছি, দীর্ঘ আড়াই বছরে তার মধ্যে চারিত্রিক কোন স্থলন দেখিনি। এ ঘটনাটি সাজানো। এ বিষয়ে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অবহিত রয়েছেন। আমার স্বামীকে ফাঁসাতে কোন একটি মহল এরকম ঘটনা সাজিয়েছে।

তিনি ভিকটিম কাজের মেয়ের পরিবার ও তার এলাকায় তাদের অবস্থান জানার জন্য সাংবাদিক ও তদন্তকারি কর্মকর্তাদের আহবান জানান।

তিনি বলেন, এ পরিবারের লোকজন কি রকম প্রকৃতির তা আপনারা তদন্ত করলে জানতে পারবেন। আমরা সরল বিশ্বাসে তাদের আশ্রয় দেয়ার কারণে আজ ভূক্তভোগী। লিখিত বক্তব্য পাঠকালে সারোয়ার আহমদের মা মিনা বেগম এবং চাচী ফাতিমা বেগম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.