বড়লেখা প্রতিনিধি | ২৩ মে, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোরগ প্রতীকে ৪৩৫ ভোট পেয়ে আতিকুর রহমান সোহাগ বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বদরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৫১ ভোট।
মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। সর্বমোট ১৭৭৩ জন ভোটারের মধ্যে ১৩৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি জুড়ীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ফয়জুর রহমান ফজলু (৫০) নিহত হওয়ায় ওই পদটি শূন্য হয়। এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।