Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

বিশ্বনাথ প্রতিনিধি  |  ২৪ মে, ২০১৭

সিলেটের বিশ্বনাথে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (২৪ মে) ভোরের দিকে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারের টিঅ্যান্ডটি রোডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মাশেদা বেগম (৩৫) বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের জিতু মিয়ার স্ত্রী। জিতু মিয়া সপরিবারে ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিতু মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাশেদার লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিতু মিয়া ও মাশেদা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। এরই জেরে আজ ভোরে স্ত্রী মাশেদা বেগমের সঙ্গে ঝগড়া হয় জিতু মিয়ার। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাশেদার পেটে আঘাত গুরুতর করেন জিতু। মাশেদার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাশেদাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.