Sylhet Today 24 PRINT

সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : শিক্ষামন্ত্রী

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ মে, ২০১৭

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদের পরিণত করতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর তাই সম্পদের সীমাবদ্ধতার পরও বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিপুল সংখ্যক মেধাবৃত্তি ও উপবৃত্তি, শিক্ষা অবকাঠামো নির্মাণ, দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, বিদ্যালয়ে দুপুরের খাবার প্রদানসহ বিভিন্ন শিক্ষা সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সরকার।

বুধবার (২৪ মে) দুপুরে সিলেটের বিয়ানীবাজারের পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারীকরণের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাজারমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বেসিক এডুকেশনের ওপর জোর দিলে ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা অনুযায়ী পেশাগত শিক্ষা বেছে নিতে পারবেন। সবাই পড়াশোনা করবে। পড়াশোনা করতে যা যা লাগে সব কিছুর জোগান দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আধুনিক বাংলাদেশের নির্মাতা হলো নতুন প্রজন্ম। তাই তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের শুধু মাত্র জ্ঞান ও দক্ষতা দিলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এই লক্ষ্য অর্জনের আসল শক্তি হলেন আমাদের শিক্ষকরা। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের সমালোচনা করে বলেন, আপনারা আপনাদের শাসনামলে সৎ লোকের শাসনের নাম করে দেশ শাসন করেছেন। আর সে সময় দেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষা বিভাগ সিলেটের উপ আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর কবির, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া,সহ সভাপতি আব্দুল আহাদ কলা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, পৌর মেয়র আব্দুস শুকুর, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.