Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হবিগঞ্জ শহরবাসী

কাজ অসম্পুর্ণ রেখে ২৫ কোটি টাকার প্রকল্প শেষ

শাকিলা ববি, হবিগঞ্জ |  ২৪ মে, ২০১৭

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে পড়েছেন হবিগঞ্জ শহরবাসী। প্রতিদিনই ৪/৫ ঘন্টা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুতের ভেলকিবাজির কারনে দৈনন্দিন কাজকর্ম ব্যাঘাত ঘটছে।

আর কিছুদিনের পরেই রমজান শুরু হচ্ছে। বর্তমান অবস্থা চলতে থাকলে রমজান মাসে জনগনের দূর্ভোগ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

জানা যায়, শহরে বিদ্যুত সরবরাহ ব্যবস্থা উন্নত করতে প্রায় ২৫কোটি টাকার প্রকল্পের কাজ অসম্পুর্ন রেখেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাওযায় ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছেন না প্রায় সোয়া লাখ মানুষ।

হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ কেন্দ্রটি বহু পুরনো। একটু বাতাস বা বৃষ্টি হলেই বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে পুরনো তার ছিড়ে পড়ার ঘটনাও ঘটছে। বিদ্যুতের গ্রাহকের সংখ্যা বেড়ে যাওযায় সরকার সেন্ট্রাল জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন প্রজেক্ট নামে একটি প্রকল্প গ্রহন করে। হবিগঞ্জে জাইকার ২৫কোটি টাকা অর্থায়নে ২০১৪ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালের জুন মাসে। কিন্তু কাজ শেষ না হওযায় আরো ১ বছর মেয়াদ বাড়ানো হলেও সব কাজ সম্পন্ন হয়নি।

এ প্রকল্পের আওতায় শাহজিবাজার গ্রিড উপকেন্দ্র থেকে হবিগঞ্জ বিতরণ উপকেন্দ্র পর্যন্ত নতুন ৩৩ কেভি লাইন নির্মান, বিতরণ উপকেন্দ্রের ধারণ ক্ষমতা ১৫ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৪০ মেগাওয়াটে উন্নীত করণ, ৪টি ফিডারকে ৮টি ফিডারে ভাগ করা, নতুন ট্রান্সফরমার স্থাপন, জরাজীর্ণ তার ও হেলেপড়া খুটি পরিবর্তনসহ বিভিন্ন উন্নয়ন হওয়ার কথা ছিল। প্রায় ৯০ ভাগ কাজ শেষ করে প্রকল্পটি ঘুটিয়ে নেওয়া হয়। প্রকল্প কাজ শেষ না হওযায় পুরনো ভোগান্তিতেই ভুগছেন হবিগঞ্জবাসী।

বিদ্যুত বিভাগ সূত্রে জানা গেছে, সংকট সমাধানে শীঘ্রই নতুন প্রকল্পের কাজ শুরু হবে। স্থায়ী সমাধানের জন্য হবিগঞ্জে গ্রিড উপকেন্দ্র স্থাপন খুবই জরুরী।

জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জ জেলায় সরবারি ও বেসরকারিভাবে প্রায় ৫টি বিদ্যুত উৎপাদন কেন্দ্র রয়েছে। উৎপাদিত বিদ্যুত গ্রীডের মাধ্যমে দেশের বিভিন্ন শহর আলোকিত করলেও হবিগঞ্জ জেলা অন্ধকারে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন। কোটি কোটি টাকা ব্যায় দেখানোর পরেও কেন শহরে বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা উন্নয়ন হয়নি তা খোজে বের করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।

বিদ্যুত উন্নয়ন বোর্ডের হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, বর্তমানে শহরে ২২ হাজারেরও বেশী গ্রাহক রয়েছে। দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। সিলেট জোন বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পের আওতায় কিছুদিনের মধ্যেই জরাজীর্ণ তার-খুটি পরিবর্তনসহ নানা উন্নয়ন কাজ শুরু হতে যাচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য হবিগঞ্জে গ্রিড উপকেন্দ্র নির্মাণের প্রতি জোর দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.