Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের তিন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অর্ধেক ভাড়া মওকুফের ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৪ মে, ২০১৭

এখন থেকে কিবরিয়া পৌরমিলনায়তন, এম.সাইফুর রহমান টাউন হল ও পৌরমঞ্চে পঞ্চাশ শতাংশ কম ভাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা যাবে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি, কে গউছ।

বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে এ ঘোষনা দেন।

মেয়র বলেন, বিগত দিনে আমি সকলের সহযোগিতায় ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী কর্মসুচী পালন করেছিলাম। এ সকল কর্মসূচীর কারনে সারাদেশে হবিগঞ্জ পৌরসভা সুনাম অর্জন করেছিল। কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেধাবী ছাত্রছাত্রী, তাদের মা-বাবা ও শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা, একুশে বই মেলা, পিঠা উৎসব, বৈশাখী মেলা, হজ্ব প্রশিক্ষন, দরিদ্র পরিবারের বালকদের জন্য সুন্নতে খৎনা, করমেলা, বৃক্ষরোপন কর্মসূচী, গনবিবাহসহ অন্যান্য অনুষ্ঠান ও কর্মসূচী। তিনি আরো বলেন, হবিগঞ্জ পৌরসভায় যেমন অনেক সমস্যা রয়েছে, তেমনি সমস্যার সমাধানও রয়েছে। তাই আমাদেরকে বসে থাকলে চলবে না। সকালের সহযোগিতায় আবারো হবিগঞ্জ পৌরসভার সে সুনাম ফিরিয়ে আনা হবে। তিনি বলেন ইতিমধ্যে পৌরসভার সমস্যাগুলো চিহ্ণিত করে সেগুলো সমাধানের জন্য কাজ শুরু করে দেয়া হয়েছে। ডাম্পিং স্পট বাস্তবায়নের ব্যাপারটি ইউজিপ-৩ এর মধ্যে অন্তর্ভূক্ত করা হবে এবং বিএমডিএফের মাধ্যমে এম সাইফুর রহমান টাউন হল সংস্কার ও কিচেন মার্কেট প্রকল্প বাস্তবায়ন করা হবে। কিবরিয়া পৌর মিলনায়তনও সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে। মেয়র বলেন পৌর এলাকার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বসহকারে উদ্যোগ নেয়া হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিনের মতো মহান ব্যক্তিদের উপর যে দিবসগুলো রয়েছে সেগুলো হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে পালন করা হবে।

প্রাক-বাজেট মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, খালেদা জুয়েল, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ। মতবিনিময় সভায় শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামূল ওয়াদুদ, জাহান আরা আফছর, তাহমিনা বেগম গিনি, আলাউদ্দিন আহমেদ, বাদল রায়, মোঃ আবুল ফজল, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, শাহ আলম চৌধুরী মিন্টু, তোফাজ্জল সোহেল, অমিতাংশু দাস টুটুল, এডভোকেট বিজন বিহারী দাস, অপু চৌধুরী, সিদ্দিকী হারুন, মোঃ ইয়াছিন খান, অলক কুমার চন্দ, স্বরবিন্দু দাস, মোঃ আনন্দ খানসহ অন্যান্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.