কোম্পানীগঞ্জ প্রতিনিধি | ২৫ মে, ২০১৭
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওপেন ‘হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ আবুল হাসনাত খাঁন জঙ্গিবাদ ও মাদক, বোমা মেশিন ও গরুচোরদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা করেন । তিনি বলেন, এ সকল অপশক্তি যতই শক্তিশালী হোক তাদেরকে ছাড় দেয়া হবেনা এবং যে কোন মূল্যে এদের দমন করা হবে।
তিনি বিভিন্ন বক্তার দাবির জবাবে বলেন, কাউকে মিথ্যা মামলায় হয়রানী করা হবে না, থানায় দালালদের উৎপাত থাকবে না। সিলেটের প্রতিটি থানা হবে দালাল মুক্ত ও জনবান্ধব । তিনি এ জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও তিনি জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
বেলা ১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমিনের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছির, ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাসরিন জাহান ফাতেমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন নূর, ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, মো. বাবুল মিয়া, কুটি মিয়া, সিদ্দিকুর রহমান রুকন, আমিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ঠাণ্ডা স্যার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আবিদুর রহমান, এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইউপি সদস্য মুজিবুর রহমান, আবুল বাসার, আলি হোসেন, যুবলীগ নেতা আরিফুল হক সেন্টু, মাসুক মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন।
অনুষ্ঠানে উপজেলার সব কটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সর্বসাধারণের উপস্থিত ছিলেন।