Sylhet Today 24 PRINT

সিলেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে প্রতিকী অবস্থান কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৭

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ছোলা, খেঁজুর, কাঁচামরিচ, বেগুন, গাজর, লেবু, শশাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে হারিকেন, ল্যাম্প, মোমবাতি, টর্চলাইট, চার্জ লাইট নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় সিলেট মহানগরীর জিন্দাবাজার পয়েন্টে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর কারণে হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। যা অত্যন্ত দুঃখজনক। পবিত্র রমজান মাস আসন্ন। এ সময়ে সব ধরণের ভোগ্যপণ্যের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় বেড়ে যায়। এই পবিত্র সময়কে উপলক্ষ করে সুনির্দিষ্ট অসাধু কালোবাজারিরা ভোগ্যপণ্য গুদামজাত করে দাম বাড়িয়ে দেন। যা ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যায়।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে ভোগ্যপণ্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য মনিটরিং সেলসহ সর্বদা বাজার তদারকির ব্যবস্থা নেওয়ার জন্য প্রতীকী অবস্থান থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার পরিচালনা কমিটির আহ্বায়ক এ.কে কামাল হোসেনের পরিচালনায় প্রতীকী অবস্থান কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সূর্যোদয় এতিম স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান তালুকদার সোহেল।

প্রতীকী অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট বাংলা নিউজডটকমের সম্পাদক ও ওয়েস্ট ওয়ার্ল্ড এর বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল আহমদ, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সাংগঠনিক সচিব ও কাকলী শপিং সেন্টারের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ইমরুল, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কান্তি দাস, সুনামগঞ্জের যুব নেতা হুমায়ূন রশিদ চৌধুরী, দক্ষিণ সুরমার বিশিষ্ট যুব সমাজকর্মী ও সংগঠক মো. রফিকুল ইসলাম শিতাব, ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট’র সদস্য মো. মাহিম মীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজারের ব্যবসায়ী চৌধুরী মাহবুবুর রহমান, মো. মিলন হোসেন, মো. পিকুল হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সদস্য মো. নাজমূল হুসাইন, মো. আলিম উদ্দিন, মানিক চন্দ্র সরকার, জসিম উদ্দীন, যুবসংগঠক ফিরোজ আহমদ, অপু আহমদ, মো. মামুন আহমদ চৌধুরী, মো. টিপু মিয়া, মো. ইকবাল হোসেন, শামীম আহমদ ও কৃতিশ তালুকদার।

প্রতীকী অবস্থান কর্মসূচী প্রায় ১ ঘন্টা স্থায়ী হয়। এতে প্রায় অর্ধশতাধিক সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.