বড়লেখা প্রতিনিধি | ২৫ মে, ২০১৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বোবারথল ভায়া গান্ধাইবাজার রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কিঃ মিঃ রাস্তা পাকাকরণ কাজে ব্যয় হচ্ছে প্রায় ৫ কোটি ৫ লাখ টাকা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু। শিক্ষক আলতাব হোসেন জুনেদ ও আবু হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আজিজুর রহমান পংকু, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, প্রবাসী আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, শিক্ষক আকিবুল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম. তারেক হাসনাত।